
নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর রোববার থেকে শুরু হওয়া দুদিনের হরতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দল সরকারের পদত্যাগ ও তফশিল প্রত্যাখ্যান করে এ হরতাল আহ্বান করেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, বিরোধীদের দুদিনের এ হরতালকে কেন্দ্র করে জনগণের জানমালের নিরাপত্তায় তারা জিরো টলারেন্স নীতিতে মাঠে থাকবেন। ইতোমধ্যে নিরাপত্তা ছক তৈরি করেছেন তারা। পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে পুলিশের বিভিন্ন ইউনিটকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হরতালে র্যাবও কৌশলী অবস্থানে থাকবে। পুলিশের পাশাপাশি এপিবিএন, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে থাকবেন।
এদিকে চলমান রাজনৈতিক সংকটে জনগণের জানমালের নিরাপত্তায় কৌশলী অবস্থান নিয়েছে র্যাব। রোববার ও সোমবারের হরতালে টহল অভিযানের পাশাপাশি ছদ্মবেশেও রাজপথে অবস্থান করবেন বাহিনীর সদস্যরা। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।