
নিউজ ডেস্কঃ বাজারে ভরিতে আরও ১ হাজার ৭৫০ টাকা বেড়েছে সোনার দাম। এরফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৩৭৫ টাকা। দেশের ইতিহাসে সোনার দামের এটিই সর্বোচ্চ রেকর্ড। রোববার থেকে নতুন দাম কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ কমিটির সভায় শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে এক লাখ ৬ হাজার ৩৭৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১ হাজার ৫৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮৭ হাজার ১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭২ হাজার ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।