
নিউজ ডেস্কঃ নভেম্বরের প্রথমার্ধে তফশিল ঘোষণা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তার আগেই ইসি ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমনকি ইসিতে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে বন্ধ রয়েছে। সরেজমিন দেখা গেছে, বুধবার সকাল থেকেই পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশন ভবনে ঢুকতে হলেও গেটের সামনে পুলিশের কাছে উপযুক্ত প্রমাণসাপেক্ষে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। পাশাপাশি পুলিশি টহলও বাড়ানো হয়েছে।
ইসির ঘোষণা অনুযায়ী, ১৫ নভেম্বরের মধ্যে তফশিল ঘোষণার সময়। ফলে বাকি আছে আজকের দিন। ইসি সচিবের বক্তব্য অনুসারে আজ অথবা কাল তফশিল ঘোষণার একটা সম্ভাবনা আছে। তফশিল ঘোষণা কেন্দ্র করেও ইসির নিরাপত্তা বাড়ানো হতে পারে বলেও জানিয়েছেন ইসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। ইসি সূত্র জানিয়েছে, তফসিল চূড়ান্ত করতে নির্বাচন কমিশনাররা আজ বিকাল ৫টায় বৈঠকে বসবেন এবং এর পর সন্ধ্যায় একটি টেলিভিশনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন।