
নিউজ ডেস্কঃ আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান উপস্থাপনা করবেন ঢালিউড চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।
বরাবরের মতো নানা পরিবেশনায় সাজানো হয়েছে এবারের আয়োজন। এতে মঞ্চে পারফর্ম করবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকারা। পারফরমারদের তালিকায় রয়েছেন সাদিয়া ইসলাম মৌ, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি ও তমা মির্জার একক নাচ। থাকছে সাইমন সাদিক-দীঘি, আদর আজাদ-পূজা চেরি, সোহানা সাবা-গাজী নূর ও জায়েদ খান-আঁচলের দ্বৈত নাচ। এছাড়া সংগীত পরিবেশন করবেন বালাম ও কোনাল। এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনয়শিল্পী খসরু ও রোজিনা। সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। সেরা অভিনেত্রীর পুরস্কার যৌথভাবে পাচ্ছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু।