
নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শূন্যপদে উপনির্বাচনে ব্যালট বইয়ে নৌকা মার্কায় অনবরত সিল মারার ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা আজাদ হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দ্রগঞ্জ আমলি আদালতের বিচারক বেলায়েত হোসেন তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিকাল সাড়ে ৪টার দিকে আদালতের জিআরও মো. শরীফ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ আজাদকে আদালতে সোপর্দ করে। এতে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷ তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।