
নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ব্লক প্রতিনিধি নিবার্চনে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৯টা থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা লাইন ধরে ভোট প্রদান করছেন ।আজ বি, সি এবং পি ব্লকের মোট ২ হাজার ৯৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা। ৭টি ব্লকে ১৮ই জুলাই থেকে ২০ই জুলাই পর্যন্ত ৩ দিনব্যাপী প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
প্রার্থীরা ক্যাম্পের ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ, পোস্টার বিতরণসহ ভোট প্রার্থনা করে চলেছেন। ই ব্লকের মোহাম্মদ সেলিম (কোদাল), জুবাইর (ঘুড়ি), জাফর আহাম্মেদ (কলম) ও সেলিমা খাতুন (চশমা) জানান, ভোটারদের মধ্যে সচেতনা বৃদ্ধি পেয়েছে। আশা করি যোগ্য প্রার্থী হিসেবে আমাদেরকে নির্বাচিত করবে ।
নয়াপাড়া ক্যাম্প ইনচার্জ সূত্রে জানা যায়, ৫টি ভোটকেন্দ্রে মোট ৮ হাজার ৮৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ১৯শে জুলাই ডি, ই এবং পি ব্লকের মোট ২ হাজার ৯১৮ ভোটার, ২০ই জুলাই এইচ ও আই ব্লকের ২ হাজার ৯৮৭ জন ভোটার ভোট প্রদান করবেন। ২১শে জুলাই ভোট গণনা ও ফল প্রকাশ করা হবে। প্রতিটি ব্লকে ৫জন পুরুষ ও ২জন নারীসহ মোট ৪৯ জন জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। ইতিমধ্যে প্রতিটি ব্লকে ১০ জন পুরুষ ও ৫জন নারীসহ মোট ১০৫ জন প্রার্থী নিবার্চনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।
নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ইনচার্জ ও সহকারী সচিব মো. সাহিদুল ইসলাম জানান, ৩ দিনব্যাপী এ নিবার্চনে ৫জন প্রিসাইডিং অফিসার নিবার্চনী দায়িত্ব পালন করছেন। নিবার্চন শান্তিপূর্ণ ও অবাধ করতে দায়িত্ব পালন করছেন বিজিবি, পুলিশ এবং আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ।