
নিউজ ডেস্কঃ দিল্লী আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। আর তাদের ভারত সফর নিয়ে ঢাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। জানাগেছে মার্কিন এই দুই শীর্ষকর্তার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্করসহ দেশটির অপরাপর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠক করার কথা রয়েছে। ওই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয় কি না, সেটি জানতে সতর্ক দৃষ্টি রাখছে ঢাকা। অবশ্য ব্লিংকেন ও অস্টিনের সফরসূচিতে বাংলাদেশ প্রসঙ্গের উল্লেখ নেই। তবে বাংলাদেশে নির্বাচনের আগে অনানুষ্ঠানিকভাবেও প্রসঙ্গটি আলোচিত হলে তা হবে খুবই তাৎপর্যপূর্ণ।
রাজনৈতিক সংকট নিরসনে ঢাকায় যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্র দেশগুলোর রাষ্ট্রদূতরা দৌড়ঝাঁপ করছেন। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংলাপ করার এই প্রচেষ্টায় কূটনীতিকরা অন্য অংশীদারদের পাশাপাশি ভারতের সহায়তা চাইছেন বলেও ধারণা করা হচ্ছে। ব্লিংকেন ও অস্টিনের এটি আঞ্চলিক সফরের অংশ হলেও একই সময়ে ঢাকা থেকে পশ্চিমা কূটনীতিকদের প্রতিনিধি ভারত সফর করতে পারেন বলে নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রে আভাস মিলেছে। এদিকে বাংলাদেশে চলমান সহিংসতাকে খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে প্রশ্নের জবাবে মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এ কথা বলেছেন।