
নিউজ ডেস্কঃ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম। বুধবার (৮ নভেম্বর) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির মুখপাত্র। ইসি সচিব আরও বলেন, ‘সম্পূর্ণরূপে নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজনে বদ্ধপরিকর ইসি।'
মোঃ জাহাংগীর আলম বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যাসন্ন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৯ নভেম্বর) বঙ্গভবনে সাক্ষাতের সূচি রয়েছে।