
নিউজ ডেস্কঃ বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছে। নিজের ৩৬ বছরের সিভিল ও পাবলিক সার্ভিসে কখনোই এমন অর্থনৈতিক সংকট প্রত্যক্ষ করেননি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এসকল কথা বলেছেন। বাংলাদেশের ব্যাঙ্কিং ও অর্থ বিভাগের পথপ্রদর্শক বাংলাদেশ ব্যাঙ্কের প্রধান বলেন,” আমার কর্মজীবনে দুই ধরনের ঘাটতি দেখেছি; তা হচ্ছে- চলতি হিসাবের ঘাটতি ও রাজস্ব ঘাটতি। একই সাথে আর্থিক হিসাবের ঘাটতি হতে কখনোই দেখিনি।
তবে তিনি মনে করেন দেশের অর্থনৈতিক পরিস্থিতি একেবারে তলানীতে নেমে এসেছে। এর থেকে আর খারাপ হওয়ার সুযোগ নেই। এখন অর্থনীতির ঘুরে দাঁড়ানোর সময়। জাতীয় নির্বাচনের পর অর্থনীতি স্থিতিশীলতা ও স্বাভাবিক ধারায় ফিরবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি। সভায় অর্থনীতির নানা চ্যালেঞ্জ এবং এগুলোর মোকাবেলায় গৃহীত নানা ব্যবস্থা ও অগ্রগতি সম্পর্কে আলোকপাত করেন। গত সোমবার (৬ নভেম্বর) অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নেতাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এ মতবিনিময় সভায়টি অনুষ্ঠিত হয়।