
নিউজ ডেস্কঃ রাজনীতিতে সংলাপের তাগিদ, ভোট পেছানোর কোনো পরিকল্পনা নেই ইসির। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের বিষয়ে বিভিন্ন মহলের তাগিদ থাকলেও নির্বাচন পেছানোর পরিকল্পনা আপাতত নেই নির্বাচন কমিশনের (ইসি)। কমিশন থেকে যে সময়ের মধ্যে তফশিল ঘোষণা ও ভোটগ্রহণের কথা জানানো হয়েছে, ওই সময়ের মধ্যেই তা সম্পন্ন হবে। এই পরিকল্পনা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ।
প্রার্থীর মনোনয়নপত্রসহ বেশিরভাগ সরঞ্জাম জেলায় জেলায় পাঠানো হয়েছে। ক্রয় প্রক্রিয়ায় জটিলতার কারণে অমোচনীয় কালি ও স্ট্যাম্প প্যাড এখনো ইসির হাতে আসেনি। শেষ হয়নি নির্বাচনি ম্যানুয়েল মুদ্রণের কাজও। দ্বিতীয় ধাপে দেশীয় পর্যবেক্ষক নিবন্ধন কাজও শেষ হয়নি। তবে এসব পণ্যের জন্য তফশিল ঘোষণা আটকে থাকবে না ইসির। দ্রুতই কাজগুলো শেষ করতে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। চলতি মাসের প্রথমার্ধে তফসিল এবং জানুয়ারির প্রথমদিকে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে ইসির। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।