
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীর কখনো কথা হয়নি। তবে ২০২১ সালে করোনা মহামারির সময় ১০-১৫ জনের একটি জুম মিটিংয়ে একবার বাইডেনের স্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। মঙ্গলবার দুপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে আরেফীকে জিজ্ঞাসাবাদ শেষে কারা ফটকে সাংবাদিকদের এসব তথ্য জানান হারুন।
তিনি বলেন, লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে গ্রেফতারের পর তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছি। কিছু বিষয়ের উত্তরও পেয়েছি। তবে কিছু বিষয় অস্পষ্ট ও দ্বিমত থাকায় আমরা চিন্তা করলাম, কারাগারে গিয়ে আরেফীকে জিজ্ঞাসাবাদ করি। তিনি আমাদের বলেছেন, তিনি ট্র্যাপে পড়ছেন। সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী তাকে ট্র্যাপে ফেলেছেন। তাকে দেশে এনে বিএনপির বিভিন্ন নেতাকর্মীর নম্বর দেন। মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আব্দুল আউয়াল মিন্টুর নম্বর দিয়ে তাদের সঙ্গে কথা বলতে বলেছেন। তিনি আব্দুল আউয়াল মিন্টুর বাসাতেও গিয়েছেন। এসব কাজ করতে সহায়তা করেছেন লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী।