
নিউজ ডেস্কঃ উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আগামী নির্বাচনে কাকে মনোনয়ন দেওয়া হবে, সেটা আমরা ঠিক করে দেব। যাকে মনোনয়ন দেব, তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে।
ঢাকাবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নৌকা মার্কায় ভোট পেয়েছি বলেই আজ এত উন্নতি হচ্ছে। সেই কথাটা যেন তারা মনে রাখে। আগামী নির্বাচনের তফশিল যে কোনো সময় ঘোষণা হবে। আগামী নির্বাচনে যাকেই প্রার্থী করি, সেটা কানা-খোঁড়া যেই হোক-নৌকা মার্কায় ভোট দিয়ে তাদের বিজয়ী করবেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘এবার নৌকা জিতবেই’। আবারও বলব, এদেশের মানুষ যেন উন্নত জীবন পায়, সেটাই চাই। এ সময় প্রধানমন্ত্রী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জিতবে এবার নৌকা’ স্লোগান দেন। শনিবার বিকালে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত ঢাকা বিভাগীয় মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।