
নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহতের ঠিক ১ দিন পরই অাখাউড়ায় সাইফুল মিয়া (৩৮) নামে আরেক ডাকাত নিহত হয়েছেন। আর তিনিও একইভাবে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। গতকাল রাত ২টার দিকে ধরখার-অাখাউড়া সড়কের টানমান্দাইল বেইলি সেতু এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, এতে করে অাখাউড়া থানার দুই পুলিশ সদস্য অাহত হয়েছেন। এই দুই পুলিশ সদস্যরা হলেন, পুলিশ কনস্টেবল হান্নান ও বিকাশ। এই ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চাইনিজ কুড়াল, রামদা ও দুটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। নিহত ডাকাত সাইফুল মিয়া উপজেলার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বলেন, নিহত ব্যক্তি ডাকাতদলের সদস্য। থানায় তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ডাকাতির অভিযোগে ৫টি মামলা রয়েছে।
তিনি আরও বলেছেন, একদল ডাকাত ধরখার-অাখাউড়া সড়কের টানমান্দাইল বেইলি সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন একটি খবরে টহল পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। তখন এই সময় পুলিশও পাল্টা গুলি করে। এতে করে ঘটনাস্থলেই ডাকাত সাইফুল নিহত হন।