
নিউজ ডেস্কঃ বিশ্বের প্রভাবশালী টাইম ম্যাগাজিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনটির শিরোনাম, শেখ হাসিনা ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ। প্রতিবেদনে বলা হয়, সত্তরোর্ধ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে অবিসংবাদিত এক নাম। তার নেতৃত্বে ১৭ কোটি মানুষের স্বল্পোন্নত দেশটি এখন এশিয়া-প্যাসিফিকের দ্রুততম সম্প্রসারণশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিস্ময়কর রাজনৈতিক নেতা যিনি গত এক দশকে এশিয়া প্যাসিফিক অঞ্চলে দ্রুততম বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের ব্যাপক উত্থান ঘটিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সাল থেকে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন যা বিশ্বের সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকার রেকর্ড। এর আগেও তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন। একাধারে তিনি সামরিক শক্তি এবং ইসলামপন্থিদের মোকাবিলা করে কৃতিত্বের সঙ্গে এ দায়িত্ব পালন করছেন।