
নিউজ ডেস্কঃ রাজধানীতে মেট্রোরেলের পরিপূর্ণ সুবিধা চালু হলে বাড়বে সড়কের গতি। বাঁচবে কর্মঘণ্টা। ফলে বেড়ে যাবে দেশের জিডিপি। পাশাপাশি যানজটে আটকে থাকার কারণে আর্থিক ক্ষতিও কমবে বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হলে মাত্র ১২ শতাংশ নগরবাসী এর সুবিধা পাবে। নগরবাসীর একটি বড় অংশ এই সুবিধার বাইরে থাকায় র্যাপিড ট্রানজিট ও শাটল ট্রেনের মতো পরিবহন যুক্ত করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
রোববার থেকে শুরু হচ্ছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রা। মাত্র ৩৮ মিনিটেই রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পাড়ি দিতে পারবেন নগরবাসী। দুই থেকে আড়াই ঘণ্টার পথ এতো অল্প সময়ে পাড়ি দেয়া রাজধানীর যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে এক অনন্য ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, সড়কে সময় বাঁচানোর বিষয়টি পাল্টে দেবে দেশের অর্থনৈতিক চিত্র। দেশের জিডিপির ৩৫ শতাংশের জোগান দেয় ঢাকা। রাজধানী মানুষের কর্মঘণ্টা বাড়ার মধ্যে দিয়ে এই অংশীদারিত্ব আরও বাড়বে।