
নিউজ ডেস্কঃ পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেছেন, যে শিল্পে কাজ করে একজন শ্রমিক ৩০ দিন খেতে পারেন না, বাচ্চার স্কুলের বেতন দিতে পারেন না, ২০ দিনের মাথায় বেতন শেষ হয়ে যায়, সেই শিল্পের বিষয়ে পুনর্বিবেচনা করতে হবে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল পাসের আলোচনায় অংশ নিয়ে শামীম হায়দার এসব কথা বলেন।
জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, ‘একটা খাতের উন্নয়ন হচ্ছে মানে হলেও সে খাতের শ্রমিকদেরও উন্নয়ন করতে হবে। আমরা গার্মেন্টস মালিকদের চকচকে বাড়ি দেখি, কারখানাও চকচকে দেখছি। গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্যের উন্নতি দেখছি না। সকালে যখন হাঁটি, তখন দেখি হাজার হাজার মেয়ে হেঁটে যাচ্ছে, সবাই লিকলিকে। কারও স্বাস্থ্য ভালো না, খেতে পারে না ঠিকমতো। ডিম খায় না সপ্তাহে এক দিনও। ডালভাত খায়।’
জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী বলেন, পোশাকশ্রমিকেরা অনেক দুর্ঘটনার শিকার হন। কিন্তু মালিকপক্ষ সেভাবে যত্নশীল নয়। অনেক প্রতিষ্ঠানে বাচ্চাদের জন্য ডে-কেয়ার সেন্টার নেই। হাসপাতাল নেই। বেতন–ভাতা কম। অনেক সমস্যায় জর্জরিত শ্রমিকেরা। এ দিকটা খেয়াল করা দরকার। মালিকেরা টাকার পাহাড় গড়বে আর শ্রমিকেরা প্রয়োজনমতো অর্থ পাবেন না, তা মানবিক নয়।