
নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনের সমাপ্তি দিনে বিল পাশে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিন সর্বোচ্চ সংখ্যক ৭টি বিল পাশ হয়েছে। যা সংসদের ইতিহাসে রেকর্ড। মাত্র ৯ কার্যদিবসের এই অধিবেশনে ২৫টি বিল পাশ হয়। এর আগে ২৪তম অধিবেশনের ৯ কার্যদিবসে পাশ হয়েছিল ১৮টি বিল। সংসদের শুরু থেকে শেষ পর্যন্ত বিরোধী দল জাতীয় পার্টি সক্রিয় ভূমিকা পালন করে। প্রতিটি বিল পাশের প্রক্রিয়ায় তারা সক্রিয়ভাবে অংশ নেয়।
চলতি সংসদের যাত্রা শুরু হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি। ২৯ জানুয়ারি এই সংসদের ৫ বছরের মেয়াদ পূর্ণ হবে। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুসারে, সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগে ৯০ দিনের মধ্যে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সে অনুযায়ী, পহেলা নভেম্বর থেকে নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে। আর স্বাভাবিক সময়ে একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা থাকলেও নির্বাচনকালীন সময়ের জন্য সেটা প্রযোজ্য নয়। ফলে বিশেষ প্রয়োজন ছাড়া চলতি সংসদের আর কোনো অধিবেশন বসবে না। আর সেটা হলে বৃহস্পতিবারই চলতি সংসদের অধিবেশন শেষ হলো। ২২ অক্টোবর এ অধিবেশন শুরু হয়েছিল।