
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি এ পূর্বাভাস দিয়েছে। চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা কমতে থাকবে এবং শীতের তীব্রতা বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
বুধবার (১ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়, নভেম্বরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ মাসে দেশের উত্তর বা উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা/মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।