
নিউজ ডেস্কঃ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টে যান নির্বাচন কমিশনারা। প্রধান বিচারপতির খাস কামরায় সৌজন্য সাক্ষাৎ করেন তারা। সাক্ষাতের সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান, নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এবং যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার উপস্থিত ছিলেন।
বেলা সাড়ে ৩টার পর বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে আসেন সিইসি হাবিবুল আউয়াল। তিনি বলেন, প্রধান বিচারপতি তাদের যথেষ্ট সময় দিয়েছেন এবং সৌজন্য বিনিময় করেছেন। তাদের সঙ্গে প্রধান বিচারপতির খোলামেলা আলোচনা হয়েছে। সিইসি বলেন, ‘আমরা সৌজন্য বিনিময়ের পাশাপাশি একটা বিষয়ে উনার সঙ্গে আলোচনা করেছি। সেটা হলো যে আসন্ন জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে বিচারকরা ইলেক্টরাল ইনকোয়ারি কমিটির দায়িত্ব পালন করেন। কিন্ত এবার আদালত বন্ধের সময় হবে। সিভিল কোর্ট ভ্যাকেশনের সময়ে হবে। সিভিল ভ্যাকেশনের কারণে যেনো ওই দায়িত্বটা বন্ধ না থাকে।