
নিউজ ডেস্কঃ বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার বগুড়ায় সহিংস ঘটনা ঘটেছে। সকাল পৌনে ১০টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা শহরের তিনমাথা রেলগেট আন্ডারপাসের নিচে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে মুহুর্মুহু শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। জবাবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল ছোড়েন বিএনপির কর্মীরা।
আজ ভোর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার বনানী মোড়, মাটিডালি মোড়, নওদাপাড়া, বাঘোপাড়াসহ বিভিন্ন স্থানে লাঠিসোঁটা হাতে অবস্থান নেন। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। অবরোধকারীদের বাধার মুখে সকাল থেকে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তিনমাথা রেলগেট আন্ডারপাসের কাছে যানবাহন চলাচল সচল করতে গিয়ে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ বাঁধে।