
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের কর্ণফুলী নদীর বঙ্গবন্ধু টানেল নতুন সম্ভাবনা নিয়ে হাজির হয়েছে। এ সম্ভাবনার নাম চীনের সিল্ক রোড। সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের টানেলটি প্রথমে চট্টগ্রামকে যুক্ত করবে এশিয়ান হাইওয়ের সঙ্গে। আর এশিয়ান হাইওয়ে যুক্ত হবে চীনের সিল্ক রোডে, যে সড়কপথ ভারত, নেপাল, ভুটান ও চীন হয়ে মিলবে ইউরোপে।
এশিয়ান হাইওয়ের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগকে সহজ করতে চায় চীন। এ জন্য বাংলাদেশের আটটি মহাসড়কের ৬০০ কিলোমিটার এশিয়ান হাইওয়েতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বেইজিংয়ের। সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশনের (সাসেক) এশিয়ান হাইওয়ে এবং বাংলাদেশ, ভারত, চীন ও মিয়ানমারের (বিসিআইএম) মধ্যে অর্থনৈতিক করিডোর তৈরির নতুন এ প্রস্তাবনা এরই মধ্যে প্রকল্প আকারে গঠনের পর সমীক্ষা চালিয়ে নকশা চূড়ান্ত করেছে সড়ক বিভাগ। বঙ্গবন্ধু টানেলে যান চলাচল শুরুর পর এশিয়ান হাইওয়ের পথে বাংলাদেশের পা রাখার সম্ভাবনা আবারও উজ্জ্বল হয়েছে।