
নিউজ ডেস্কঃ বর্তমানে দেশে মাথাপিছু ঋণের পরিমাণ ৩৬৪ দশমিক ৮৫ মার্কিন ডলার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তিনি জানান, ২০২৩ সালের জুন মাস পর্যন্ত বৈদেশিক ঋণের স্থিতির পরিমাণ ৬২ হাজার ৩১২ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে বহুপাক্ষিক ৩৬ হাজার ৭৮১ দশমিক ০৩ মিলিয়ন মার্কিন ডলার এবং দ্বিপাক্ষিক ২৫ হাজার ৫৩১ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার।
আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য বেনজির আহমদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০২২–২৩ অর্থবছরে বাংলাদেশে মাথাপিছু জাতীয় আয়ের পরিমাণ ২ হাজার ৭৬৫ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ২০০৫-০৬ ও ২০০৭-০৮ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় ছিল যথাক্রমে ৫৪৩ ও ৮৬৮ মার্কিন ডলার। ২০০৫-০৬ অর্থবছরের তুলনায় মাথাপিছু জাতীয় আয় ইতোমধ্যে পাঁচগুণের বেশি বেড়েছে।