
নিউজ ডেস্কঃ নিজ কার্যালয়ে ঘুষের ১০ লাখ টাকাসহ গ্রেপ্তার রাজশাহীর উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভুঁইয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের স্থগিতাদেশ আরও তিন মাস বাড়িয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
এদিন আদালতে শুনানির শুরুতে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ রাজা আসামি মহিবুলের জামিন প্রার্থনা করেন। এসময় তাদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমরা আপনারা সবাই জিরো টলারেন্সের কথা বলি। আবার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি কারাগারে যাওয়ার সঙ্গে সঙ্গে জামিন আবেদন নিয়ে আসেন। তিন মাসের আগে কোনো দুর্নীতিবাজ ব্যক্তিকে উচ্চ আদালত জামিন দিলে সেটা মানুষ ও সমাজ ভালোভাবে নেয় না। এরপর প্রধান বিচারপতি আবারও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা পুনর্ব্যক্ত করেন।