News71.com
 Bangladesh
 18 Jul 16, 01:30 AM
 401           
 0
 18 Jul 16, 01:30 AM

প্রতিটি জেলায় কেস ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে মামলা দ্রুত নিষ্পত্তি হবে ।। আইনমন্ত্রী

প্রতিটি জেলায় কেস ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে মামলা দ্রুত নিষ্পত্তি হবে ।। আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রতিটি জেলায় কেস ম্যানেজমেন্ট কমিটি গঠনের মাধ্যমে মামলা দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ জাতীয় সংসদ অধিবেশনে এ তথ্য জানান আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ।

সরকারী দলের সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে তিনি মামলার জট নিরসনে গৃহীত অন্যান্য পদক্ষেপের কথা তুলে ধরেন। লিখিত জবাবে আইনমন্ত্রী জানান, হাইকোর্ট বিভাগে প্রায় ৪ লক্ষ মামলা বিচারাধীন আছে। গত ৩১শে মার্চের হিসাব অনুযায়ী বিচারাধীন মামলার মধ্যে দেওয়ানি মামলা ৮৭ হাজার ৯৬৪টি, ফৌজদারি মামলা ২ লক্ষ ৪২ হাজার ১৫টি, রিট মামলা ৬৩ হাজার ২৫০টি এবং আদিম মামলা ৭ হাজার ৭৪টি।

তিনি আরো জানান, জেলা পর্যায়ে সহকারী জজ আদালত হতে জেলা ও দায়রা জজ আদালতসহ সকল প্রকার ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা ১৮ লক্ষ ৯ হাজার ৪৬১টি ।

এ সকল মামলা দ্রুত নিষ্পত্তিতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী জানান, পুরাতন মামলাগুলি অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির লক্ষ্যে প্রত্যেক আদালত সাক্ষীর সমন জারি করে দ্রুততম সময়ে সাক্ষ্য গ্রহণসহ পিপি, জিপি ও পুলিশ প্রশাসনের সঙ্গে সভা করে আদালতে সাক্ষীর উপস্থিতি নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে ।

তিনি আরো জানান, শুন্য পদে বিচারক নিয়োগের কার্যক্রম চলমান আছে। অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অস্বচ্ছল, দরিদ্র ও অসহায় জনগনকে আইনী সহায়তা দেওয়ার জন্য আইনগত সহায়তা কমিটি গঠন করা হয়েছে। বিচার কাজ পরিচালনার জন্য আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এছাড়া বিকল্প বিরোধ নিষ্পত্তির পদ্ধতি প্রয়োগের মাধ্যমে মামলার জট কমানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।

আনিসুল হক জানান, সুপ্রীম কোর্টের আপীল বিভাগে প্রধান বিচারপতিসহ মোট ৯ জন বিচারপতি এবং হাইকোর্ট বিভাগে ৯১ জন বিচারপতি কর্মরত রয়েছেন। এছাড়া জেলা ও দায়রা জজ/ সমপর্যায়ের বিচারকদের ২২১টি পদে বর্তমানে ২০৬ জন কর্মরত রয়েছেন। আর ১৫টি পদ শুন্য আছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন