
নিউজ ডেস্কঃ রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবাসন নিয়ে আলোচনার জন্য দেশটির প্রতিনিধিদল বাংলাদেশের টেকনাফে অবস্থান করছে। তারা রোহিঙ্গা শরণার্থীদের সাক্ষাৎকার নিচ্ছে ও তথ্য যাচাইবাছাই করছে। আজ মঙ্গলবার সকাল ৮টায় টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ায় বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটি দিয়ে কাঠের ট্রলারে করে ৩২ সদস্যর মিয়ানমার প্রতিনিধিদল বাংলাদেশ আসে। ট্রলারে ১১ জন মাঝিমাল্লা ছিলেন, যারা সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।
এ সময় অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামছু দৌজাসহ সরকারি কর্মকর্তারা তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এতে মিয়ানমার প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির রাখাইন প্রাদেশিক সরকারের ইমিগ্রেশন ডিরেক্টর স নাইং। এর আগে, গত ১৫ মার্চ ও ২৫ মে মিয়ানমার প্রতিনিধিদল দুই দফায় বাংলাদেশে আসে। সে সময় প্রায় ৭০০ রোহিঙ্গাদের তথ্য যাচাইবাছাই শেষে মিয়ানমারে ফিরে যায় দলটি। রাখাইনে ফিরে যাওয়ার পরিবেশ দেখতে ৫ মে বাংলাদেশ সরকার ও রোহিঙ্গাদের একটি প্রতিনিধিদল রাখাইন সফর করেছিল।