
নিউজ ডেস্কঃ বিএনপির লক্ষ্য নির্বাচনকে বানচাল করা, অংশ নেওয়া নয়। নির্বাচন চাইলে তারা এমন সন্ত্রাস করত না। এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে (মহানগর, সহযোগী সংগঠন ও নির্বাচিত দলীয় জনপ্রতিনিধিদের) মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় বিএনপির অবরোধ থেকে দেশের স্থাপনা রক্ষায় দলীয় নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার নির্দেশ দেন তিনি।
‘দেশের বর্তমান অবস্থার নিরিখে আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হবে’ এই আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ২৮ অক্টোবর দলীয় নেতাকর্মীদের মধ্যে ভিক্টরি (বিজয়ী) মনোভাব দেখেছি, এটাই আমাদের বিজয়। এটাই বিরোধীদের ব্যর্থ আন্দোলনের বিরুদ্ধে নির্বাচনমুখী আমাদের বিজয়ের অভিযাত্রা।’
২৮ অক্টোবর শত উসকানি সত্ত্বেও শান্তি ও উন্নয়ন সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।