
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়দানকারী মিয়া জাহিদুল ইসলাম আরেফীর প্রকৃত নাম বেল্লাল। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের মানিক দিয়ার গ্রামের মৃত রওশন মন্ডলের ছেলে। তার বাবা পাবনা জেলা শিক্ষা অফিসার ছিলেন। তারা ৬ ভাই ৪ বোন সবাই আমেরিকায় থাকেন। প্রায় ৪০ বছর আগে তার বাবা আমেরিকায় গিয়ে সেখানকার স্থায়ী বাসিন্দা হয়েছেন। সিরাজগঞ্জে তাদের কোন বসতভিটা নেই। তবে জো বাইডেনের উপদেষ্টা পরিচয় শুনে এলাকার মানুষের মধ্যে নানা গুঞ্জন শুরু হয়েছে।
মিয়া জাহিদুল ছাত্রাবস্থাতেই পরিবারের সঙ্গে আমেরিকায় যান। তিনি আমেরিকার নাগরিক। সেখানে তিনি ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে যুক্ত। তবে তিনি এলাকায় আসলে নিজেকে জো বাইডেনের উপদেষ্টা হিসেবে পরিচয় দেন। মানিকদিয়ার গ্রাম বা উল্লাপাড়ায় তার কোনো বাড়ি নেই। তার দাদা-দাদির জন্য দোয়া মাহফিল করতে গত ২৮ জুলাই এলাকায় এসেছিলেন। তিনি উল্লাপাড়া ডাকবাংলোয় ছিলেন। এখানে কোনো সামাজিক কাজেও তিনি জড়িত নন। তার স্থানীয় স্বজনেরা বিএনপির সমর্থক হলেও সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত নন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ অক্টোবর) দুপুরে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। তিনি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। পুলিশের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।