
নিউজ ডেস্কঃ প্রধান বিচারপতির বাসভবনে হামলাকে লজ্জাজনক ঘটনা বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি প্রধান বিচারপতির বাসভবনে হামলা পুরো জাতির জন্যে একটি লজ্জার বিষয়। সংবিধানের অন্যতম স্তম্ভ হলো বিচার বিভাগ। প্রধান বিচারপতি সেই বিভাগের প্রতীক। তার বাসায় হামলার মাধ্যমে পুরো বিচার বিভাগের ওপরই হামলার চেষ্টা হয়েছে।’
তিনি বলেন, ‘প্রধান বিচারপতি কোনো ব্যক্তি নন, তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তাই হামলাকারীদের বিরুদ্ধে উপযুক্ত মামলা হবে।’ অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এ কাজ যারা করেছেন তাদের প্রতি ঘৃণা জানানোর ভাষা আমার নেই। হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে কেউ এমন ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।’