
নিউজ ডেস্কঃ ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপি ও জামায়াতে ইসলামীর একই দিনে পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে রাজধানীতে সকাল থেকে গণপরিবহন খুব কম চলতে দেখা গেছে। ঢাকার অন্যতম প্রবেশ মুখ গাবতলী থেকে ঢাকা শহরে সীমিত যাত্রীবাহী বাস যাতায়াত করছে। মাঝেমধ্যে একটি-দু'টি বিআরটিসি ও অন্যান্য পরিবহনের বাস চলাচল করছে। তবে আগে থেকেই যাত্রীতে ভরা থাকায় নতুন যাত্রীদের বাসে উঠতে বেশ হিমশিম খেতে হচ্ছে।
বাস না পেয়ে অনেকেই হেঁটে বা বিকল্প পন্থায় গন্তব্যস্থলে যাচ্ছেন। কিছু রিকশা ও সিএনজি অটোরিকশা চলছে। তবে তাও অন্য দিনের তুলনায় কম। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে সীমিত সংখ্যক যাত্রীবাহী সেলফি পরিবহন ও ইতিহাস বাস চলতে দেখা গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফটক ও আমিন বাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট বসেছে।