
নিউজ ডেস্কঃ প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের আমা দাবলাম পর্বত অভিযান শুরু করেছেন শায়লা বিথী। বাংলাদেশি এই পর্বতারোহী শুক্রবার সকালে নেপালের লুকলা বিমানবন্দর থেকে ট্রেকিং শুরু করেছেন। ৬ হাজার ৮১২ মিটার (২২,৩৪৯ ফুট) উচ্চতার এ পর্বতটি টেকনিক্যাল দিক থেকে খুবই কঠিন বিবেচনা করা হয়। এ পর্বত আরোহণের জন্য রক ক্লাইম্বিংয়ে বিশেষ দক্ষতা এবং শারীরিক ফিটনেস থাকতে হয়। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নারী দুর্গম এ পর্বত অভিযানে যাননি।
কুরিয়ার সেবা প্রতিষ্ঠান পারসেলের সার্বিক সহযোগিতায় শায়লা বিথী আমা দাবলাম জয়ের চ্যালেঞ্জ নিয়েছেন। এ চ্যালেঞ্জে জয়ী হলে বাংলাদেশের নারীদের পর্বতারোহণের ইতিহাসে আরেকটি বিশেষ সাফল্যের মুকুট যোগ হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ দিন ট্রেকিংয়ের পর তার আমা দাবলাম বেইজ ক্যাম্পে পৌঁছার কথা রয়েছে। বেইজ ক্যাম্প থেকে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে তিনি আমা দাবলাম চূড়ায় পৌঁছার চেষ্টা করবেন।