
নিউজ ডেস্কঃ গাছ, মাছ, গবাদি পশু, স্বর্ণ, রৌপ্য, গাড়ি, আসবাবের মতো অস্থাবর সম্পত্তি জামানত রেখে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার সুযোগ রেখে সংসদে একটি বিল পাস হয়েছে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে আইনমন্ত্রী আনিসুল হক বিলটি পাসের জন্য সংসদে তোলেন। এখন শুধু স্থাবর সম্পত্তি (বাড়ি, জমি) জামানত রেখে ঋণ নেওয়া যায়। আইনটি কার্যকর হলে অস্থাবর সম্পত্তি জামানত রেখেও ঋণ নেওয়া যাবে।
এ-সংক্রান্ত ‘সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) বিল-২০২৩’ পাসের জন্য উত্থাপন করলে বিরোধী দল জাতীয় পার্টির একাধিক সদস্য কঠোর সমালোচনা করেন। তারা বলেন, লুটপাটের নতুন সুযোগ করে দেওয়া হয়েছে। যারা স্থাবর সম্পত্তি দিয়ে ঋণ নিয়ে খেলাপি হয়েছেন, তাদের দেওয়ার মতো স্থাবর সম্পত্তি আর কিছুই নেই। এখন তারাই অস্থাবর সম্পত্তি দিয়ে ঋণ নেবেন। অস্থাবর সম্পত্তি দিয়ে লুটপাটের সুযোগ করে দেওয়ার জন্য আইনটি নিয়ে আসা হয়েছে। আইনটির মাধ্যমে মানুষের পকেটে হাত দেওয়া হয়েছে।