
নিউজ ডেস্কঃ আগামীকাল শনিবারের শান্তি সমাবেশ ঘিরে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। এখন পর্যন্ত পুলিশের অনুমতি না মিললেও পূর্বঘোষিত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এই সমাবেশ আয়োজনে অনড় অবস্থানে রয়েছে তারা। শান্তি সমাবেশের প্রস্তুতির পাশাপাশি বিএনপি ও তার মিত্রদের মহাসমাবেশকে ঘিরে সম্ভাব্য সন্ত্রাস-নৈরাজ্য ঠেকাতে রাজধানীর রাজপথ দখলে নানা কৌশল নিয়েছে ক্ষমতাসীন দলটি।
এই অবস্থায় শান্তি সমাবেশের দু’দিন আগে থেকেই মিছিল-সমাবেশ নিয়ে রাজপথে নেমেছেন সরকার সমর্থক নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীজুড়ে মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। সেইসঙ্গে রাজধানীর অলিগলি ও পাড়ামহল্লায় নেতাকর্মীরা সতর্ক অবস্থান নিতে শুরু করেছেন। কোনো অবস্থায়ই বিএনপিকে ছাড় না দেওয়ার মনোভাব নিয়েই মাঠে নেমেছে তারা।