
নিউজ ডেস্কঃ আগামী ২৮ অক্টোবর রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতের সমাবেশের অনুমতির বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, জামায়াতকে সমাবেশের কোনো অনুমতি দেওয়া হবে না। তাদের কর্মকাণ্ডের দিকে নজর রাখা হচ্ছে।
এর আগে গতকাল (সোমবার) জামায়াতে ইসলামী ২৮ অক্টোবর শাপলা চত্বরে সমাবেশ করার ঘোষণা দেয়। ‘তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমিরসহ নেতা-কর্মী, আলেম-ওলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে’ এই সমাবেশ করতে চায় দলটি। এজন্য পুলিশের কাছে অনুমতিও চেয়েছিল। মঙ্গলবার ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে বলেন, তাদের (জামায়াত) সভা-সমাবেশের অনুমতি দেওয়া হবে না। কারণ জামায়াতে ইসলামী স্বাধীনতাবিরোধী একটি রাজনৈতিক দল। যে দলটি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত। যার শীর্ষস্থানীয় নেতাদের যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকর করা হয়েছে। জামায়াতে ইসলামীকে সমাবেশ করার অনুমতি দেওয়ার কোনো সুযোগই নেই।