
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ ধেয়ে আসায় সারা দেশের নদীপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে সারা দেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। বিআইডব্লিটিএর উপপরিচালক (মিডিয়া) মোবারক হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঢাকা নদী বন্দরে এক নম্বর ও চাঁদপুরের পরে নদীতে দুই নম্বর সতর্কতা সংকেত রয়েছে। তিনি বলেন, সমুদ্র বন্দরে সংকেত বাড়ছে। চাঁদপুরের তিন নদীর মোহনা বিপদজনক হয়ে উঠেছে। এ কারণে আগাম সতর্কতা হিসেবে সদরঘাট থেকে চাঁদপুরসহ সব গন্তব্যে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বরিশাল-ভোলাসহ বিভাগের সব নদ-নদীতে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ নির্দেশনা জারি থাকবে।