
নিউজ ডেস্কঃ ২৮ অক্টোবর রাজনীতির মাঠ নিজেদের দখলে রাখতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। ঢাকার প্রবেশপথগুলোতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি থাকবে। ঢাকার আশপাশের জেলাগুলো থেকেও রাজধানী ঢাকার দিকে তীক্ষ্ম নজর রাখা হবে। আওয়ামী লীগ নেতাদের আশঙ্কা-ওইদিন বড় ধরনের অঘটন ঘটাতে পারে বিএনপি। সেই বিষয়টি মাথায় রেখেই কৌশল সাজাচ্ছেন তারা।
দলটির নেতাদের কাছে সতর্ক অবস্থানের পাশাপাশি প্রথম নির্দেশনা হচ্ছে কোনো ধরনের সহিংসতায় না জড়ানো। তবে কর্মসূচি ঘিরে যদি কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করে তবে পালটা জবাব দেওয়ার পরিকল্পনা রয়েছে ক্ষমতাসীনদের। যদি অবস্থান কর্মসূচির মতো বিএনপি বসে পড়ে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শক্তি প্রয়োগ করবে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও। এজন্য নগর আওয়ামী লীগের সঙ্গে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।