
নিউজ ডেস্কঃ ২৮ অক্টোবর মহাসমাবেশের কর্মসূচি দিয়ে মাঠে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এ সমাবেশ সফলে ব্যাপাক প্রস্তুতিও নিচ্ছে। এজন্য দলটির নেতাকর্মীদের ঢাকায় আসার বিষয়ে নির্দেশনা দিয়েছে। আগামী দু-একদিনের মধ্যে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে চিঠি দেবে। দলটি মহাসমাবেশের মাধ্যমে আবারও বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি ছিল গত বছরের ৩০ ডিসেম্বর। সেদিন জামায়াতও গণমিছিল করেছিল। পরে বিএনপির অনাগ্রহে দলটি আর যুগপৎ কর্মসূচির সঙ্গে মিল রেখে কোনো কর্মসূচি দেয়নি। তবে প্রায় একই দাবিতে জেলা ও মহানগরে একাধিকবার কর্মসূচি পালন করেছে জামায়াত। সোমবার দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভা হয়। এতে আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকা মহানগরীর মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।