
নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে দুর্ঘটনার ১৫ ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত ট্রেনের উদ্ধার কাজ শেষ হয়েছে। সোমবার শেষ রাতে ফায়ার সার্ভিস উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করে। আজ মঙ্গলবার ভোর ৪টা ২০মিনিটে বগি দুটি লাইন থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। ট্রেন চলাচলের জন্য লাইন পুরোপুরি প্রস্তুত হয় সকাল সাড়ে ছয়টায়। এরপর থেকে ডাউন এবং আপ উভয় লাইনে ট্রেন চলাচল শুরু হয়।
গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে ঘটা এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আরও অন্তত অর্ধশত আহত হয়েছেন। দুর্ঘটনার পরে তাৎক্ষণিকভাবে হতাহতদের উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস, র্যাব সদস্য, রেলওয়ে ও জেলা পুলিশের সদস্যরা উদ্ধারকাজে যোগ দেন।