
নিউজ ডেস্কঃ আজ মঙ্গলবার শুভ বিজয়া দশমী। সনাতনী সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। মর্ত্যলোক ছেড়ে বিদায় নেবেন মা। অশ্রুসজল চোখে বিসর্জন দেওয়া হবে প্রতিমা। এতে ভেঙে যাবে পাঁচ দিনের সার্বজনীন মিলনমেলা।
বিসর্জনের উদ্দেশ্যে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গন থেকে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রা বের হবে বিকেল ৩টায়। এর আগে রাজধানীর ২৪৬টি পূজামণ্ডপ থেকে ভক্ত-পূজারিরা এসে জড়ো হবেন পলাশীর মোড়ে। সেখান থেকে সম্মিলিতভাবে বিজয়ার শোভাযাত্রা বের হবে। এর পর সদরঘাটের ওয়াইজঘাটের বুড়িগঙ্গা নদীর জলে একে একে বিসর্জন দেওয়া হবে প্রতিমা। বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ স্যাটেলাইট টেলিভিশনগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ সংখ্যা ও নিবন্ধ।