
নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আবারও করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যাওয়ায় সোমবার দিনগত রাত পৌনে ৪টায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সপ্তম তলার কেবিন থেকে চতুর্থ তলায় সিসিইউতে স্থানান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান, চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। দিন দিন তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে। গত বৃহস্পতিবারও তাকে এক দফা সিসিইউতে নেওয়া হয়েছিল। তাঁর পেটে পানি জমছে। এগুলো অপসারণ করতেই তাকে সিসিইউতে নিতে হচ্ছে। চিকিৎসা শেষে আবার তাকে কেবিনে নিয়ে আসা হয়।