
নিউজ ডেস্কঃ দেড় মাস পর সচল হয়েছে রাঙামাটির মনোরম ঝুলন্ত সেতু। সংস্কারের পর ২০ অক্টোবর থেকে খুলে দেওয়া হয়েছে সেতুটি। বর্তমানে সেতু দিয়ে হাঁটাচলা স্বাভাবিক হয়ে উঠেছে। বর্ষায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় দীর্ঘ দেড় মাস ডুবে থাকে সেতুটি। বৃষ্টিপাত বন্ধ হওয়ায় হ্রদের পানি কমতে থাকায় বর্তমানে পাটাতনের নিচুতে চলে গেছে পানি।
পর্যটন করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এর আগে সেতুটি পানির নিচে তলিয়ে থাকায় রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকরা মনোক্ষুণ্ণ হয়ে ফিরে যেতেন। এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সেতুটি সচল হওয়ায় বর্তমানে পর্যটকদের পাশাপাশি স্বস্তি ফিরেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মনে।