
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ চলছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। নিম্নচাপের কারণে আজ সোমবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। বিকেল থেকে রাজধানী ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত চলছে। তবে সন্ধ্যার পর সংকেত বাড়তে পারে।
তিনি জানান, গভীর নিম্নচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া সিলেট বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের উত্তরের রাজশাহী ও রংপুরে কম বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, নিম্নচাপটি আজ সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি ‘হামুন’ নাম নিয়ে বৃহস্পতিবার দেশে আঘাত হানতে পারে।