
নিউজ ডেস্কঃ আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে কঠোর অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ কঠোর হতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন এলাকায় থানা ও গোয়েন্দা পুলিশের অভিযান চলছে। ডিএমপির দায়িত্বশীল একাধিক সূত্র এসব তথ্য জানিয়েছে।
এদিকে একই দিনে বিএনপির কর্মসূচিস্থল থেকে মাত্র দুই কিলোমিটারের মধ্যে গুলিস্তানে ক্ষমতাসীন আওয়ামী লীগ মহাসমাবেশ ডেকেছে। পাশাপাশি দিনটিতে জামায়াত-শিবিরের নেতাকর্মীদেরও মাঠে নামার সম্ভাবনা আছে। তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর নিহত নেতাকর্মীদের স্মরণে কর্মসূচি দিতে পারে। বিদ্যমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ঘোষণা করেছেন, ২৮ অক্টোবর কর্মসূচির আড়ালে কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে।