
নিউজ ডেস্কঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, সরকারের পাপের প্রায়শ্চিত্ত করার সময় হয়ে গেছে। দেশ ও জাতির সঙ্গে প্রতারণার কুফল সরকারকে ভোগ করতেই হবে। ভোটের সংস্কৃতি নির্মূল, উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করা, সন্ত্রাস ও অর্থপাচার করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার কারণে সরকার এখন গণধিকৃত ও কোণঠাসা হয়ে পড়েছে। সরকারের লোকজনের বেফাঁস কথাবার্তা শুনেই বোঝা যায়, দেশি বিদেশি চাপে তারা বেসামাল হয়ে গেছে।
তিনি আরো বলেন, ডাকাত যতই শক্তিশালী হোক, বাড়ির মালিক একটু হুমকি দিলেই সে ভয় পায়। সুতরাং ভোট ডাকাতদেরকে রুখে দাঁড়ালেই তারা তল্পিতল্পা নিয়ে পালাতে বাধ্য হবে। এই দেশ স্বাধীন হয়েছিল জনগণের ভোটাধিকার সংরক্ষণ, মৌলিক অধিকার ও সুশাসন নিশ্চিত করার জন্য। কিন্তু আওয়ামী সরকার জনগণের সকল অধিকার হরণ করেছে। সরকারের সকল দুর্নীতির হিসাব এদেশের মাটিতে পাই পাই করে দিতে হবে। শুক্রবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে 'ছাত্র-যুব সমাবেশে' চরমোনাই পীর এসব কথা বলেন। ইসলামী ছাত্র ও যুব আন্দোলন বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সমাবেশ হয়। এতে ব্যাপক সংখ্যক নেতাকর্মী অংশ নেন।