
নিউজ ডেস্কঃ ডিসি-ইউএনওদের জন্য নতুন গাড়ি কেনাকে সরকারের নির্বাচনী ঘুষ হিসেবে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষিবিষয়ক এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, দেশের অবস্থাটা এমন হয়েছে, সাধারণ মানুষ ডিম কিনতে পারছে না, লাউ কিনতে পারছে না, শাকসবজি কিনতে পারছে না। কিন্তু নির্বাচনে ঘুষ দেওয়ার জন্য ডিসি-ইউএনওদের জন্য ৩৬৫ কোটি টাকার নতুন গাড়ি কেনা হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, শোনা যাচ্ছে ইতোমধ্যে ডিসি-এসপিদের যারা নির্বাচন পরিচালনা করবেন, তাদের কাছে টাকা পৌঁছে গেছে। গত ১৫ বছরে ওরা যে লুট করেছে, দুর্নীতি করেছে তা ভাষায় বর্ণনা করা যাবে না। প্রতিটি পয়সা জিনিসপত্রের দাম বাড়িয়ে আমাদের পকেট থেকে নিয়েছে, ভ্যাট-ইনকাম ট্যাক্স মিলে নিয়েছে। যে ঋণ করেছে সেই ঋণের ভার আমাদের ঘাড়ে এসে পড়বে। এর বিকল্প একটাই, এই সরকারকে সরাতে হবে। এটা আমার আপনার জন্য নয়, দেশকে বাঁচানোর জন্য।