
নিউজ ডেস্কঃ ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ শুক্রবার শুরু হচ্ছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পাঁচ দিনের এ উৎসব শেষ হবে আগামী ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। সর্বজনীন এ উৎসবকে আনন্দমুখর করে তুলতে দেশজুড়ে ইতোমধ্যে প্রস্তুতি শেষ হয়েছে।
গত ১৪ অক্টোবর দেবী দুর্গার আবাহন বা মহালয়ার মধ্য দিয়ে সূচনা হয় দেবীপক্ষের। সাধারণত দেবীপক্ষ শুরুর সাত দিন পর পাঁচ দিনের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটে। হিন্দু পুরাণ মতে, রাজা সুরথ প্রথম দেবী দুর্গার আরাধনা শুরু করেন। তিনি বসন্তে পূজার আয়োজন করায় দেবীর এ পূজাকে বাসন্তী পূজাও বলা হয়। কিন্তু রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করতে লঙ্কা যাত্রার আগে শ্রী রামচন্দ্র দেবীর পূজার আয়োজন করেছিলেন শরৎকালের অমাবশ্যা তিথিতে, যা শারদীয় দুর্গোৎসব নামে পরিচিত। দেবীর শরৎকালের পূজাকে এ জন্যই হিন্দুমতে অকালবোধনও বলা হয়। আগামীকাল শনিবার মহাসপ্তমী। এর পর রোববার মহাঅষ্টমী ও কুমারীপূজা। পরদিন মহানবমী শেষে মঙ্গলবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে।