
নিউজ ডেস্কঃ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন তিন দিন এগিয়ে এনেছে ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। সরকার পতনের দাবিতে বিএনপি ঢাকায় ‘মহাসমাবেশ’ ডাকার পরদিন এই সিদ্ধান্ত নিল সংগঠনটি, যদিও কারণ হিসেবে অন্য একটি বিষয় জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় দারুল উলুম বাবুস সালাম ফাউন্ডেশনে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ওলামা মাশায়েখ সম্মেলন ডাকা হয়েছিল ২৮ অক্টোবর, নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা হবে তিন দিন আগে ২৫ অক্টোবর। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৫ অক্টোবর সকাল ৯টা থেকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে হবে এই ওলামা মাশায়েখ সম্মেলন।