
নিউজ ডেস্কঃ আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওইদিন মহাসমাবেশের মধ্য দিয়ে মহাযাত্রা শুরু হবে৷ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না৷ তিনি বলেন, অনেক বাধা আসবে, বিপত্তি আসবে৷ সব বাধাবিপত্তি উপেক্ষা করে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছুটে যেতে হবে। বুধবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন।
এদিন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে নির্মিত অস্থায়ী মঞ্চে সমাবেশ শুরু হয় দুপর ২টায়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি। সমাবেশে দলের কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।