
নিউজ ডেস্কঃ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনে বড় রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। বুধবার নির্বাচন কমিশন ভবনে এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান। ভোটের পরিবেশ ও বড় দুটি দলের সমাবেশ প্রসঙ্গে আনিছুর বলেন, শুধু আমরা কেন, পুরো দেশবাসী সমঝোতা চায়। দেশের মানুষ আশঙ্কার মধ্যে থাকতে চায় না। আমরাও আশা করি, একটা রাজনৈতিক সমঝোতা হবে, যা দেশ ও জাতির জন্য ভালো হবে। তবে আমরা কাজ নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের কোনো কিছুতেই ঘাটতি নেই।
রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে নির্বাচন কমিশনও ভোট অনুষ্ঠানে নিঃশঙ্কচিত্তে এগিয়ে যেতে পারবে বলে জানান তিনি। তিনি আশা করেন, একটি ভালো পরিস্থিতি হবে। পরিস্থিতি ভালো হোক বা মন্দ আমাদের একার কিছু করার থাকবে না। ভোটার উপস্থিতি ও নিরাপত্তার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সমঝোতা হলে পরিস্থিতি একরকম হবে, না হলে অন্যরকম হবে। রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে আমরা এখনই কিছু বলতে পারছি না।