
নিউজ ডেস্কঃ জাতীয় নির্বাচনে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা পেয়েছেন জেলা পুলিশ সুপাররা (এসপি)। পুলিশ বাহিনীর ইমেজ নষ্ট হয়-এমন কোনো কাজ করা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে মাঠপর্যায়ের এই কর্মকর্তাদের। এ ছাড়া গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে তাদের দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত পুলিশ সদর দপ্তরের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা থেকে এসব নির্দেশনা দেওয়া হয়। রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত ওই সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা ছাড়াও পুলিশের সব ইউনিট প্রধান, ৬৪ জেলার এসপি, রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনাররা অংশ নেন। আগামী জাতীয় নির্বাচনের আগে এটাই শেষ ত্রৈমাসিক সভা।