
নিউজ ডেস্কঃ বিরোধীরা যতই সরকার পতনের হুমকি দিক, কোনোভাবেই মাঠ ছাড়বে না আওয়ামী লীগ। বিএনপি ও তার মিত্রদের জনসমাবেশের দিন আজ বুধবার রাজধানীতে আবারও শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ক্ষমতাসীন দলটি। এ সমাবেশের পাশাপাশি রাজধানীতে সতর্ক অবস্থানে থেকে আরেক দফা শোডাউনও করবে সরকার সমর্থকরা।
সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে আজ ঢাকায় জনসমাবেশ করবে আন্দোলনরত বিএনপি ও তার মিত্ররা। তাদের এসব কর্মসূচির বিপরীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আজ বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। যদিও এবারের শান্তি ও উন্নয়ন সমাবেশের ইস্যু হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ‘শেখ রাসেল দিবস’কে বেছে নেওয়া হয়েছে। তবে বরাবরের মতো এ সমাবেশ থেকেও বিএনপি জামায়াতের নৈরাজ্য-সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করবেন মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।